নিজস্ব প্রতিবেদন :
দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিনের প্রবাস শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ তার আগমন নিশ্চিত করেন। ইমিগ্রেশন সম্পন্নের পর ভিআইপি লাউঞ্জে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
লন্ডন থেকে বিজি–২০২ (বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার) ফ্লাইটে রওনা হয়ে সকালে সিলেটে যাত্রাবিরতির পর ঢাকায় অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তাকে লাল–সবুজে সজ্জিত বুলেটপ্রুফ বাসে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়; পথে ৩০০ ফিট সড়কে সংক্ষিপ্ত সংবর্ধনায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান ও দোয়া করেন। এরপর তিনি গুলশানে খালেদা জিয়ার বাসভবনের পাশের ১৯৬ নম্বর বাসায় যাবেন।
উল্লেখ্য, ২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাভোগের পর ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। প্রায় ১৭ বছর পর দেশে ফেরা উপলক্ষে তিনি আকাশসীমায় প্রবেশের পর ফেসবুকে লেখেন—“দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

