নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজারে সোমবার রাত ৮টার দিকে যুব জামায়াত নেতা আমজাদ হোসেন (২৫) কে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত আমজাদ ওই এলাকার মৃত নুরুল কবিরের পুত্র ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ছৈয়দ নূরের ছেলে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাফি ও সহযোগীরা আমজাদকে শতাধিক মানুষের সামনে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

