(নিজস্ব প্রতিবেদন)
উখিয়াকক্স নিউজ পরিবার গভীর শোক ও বেদনায় আচ্ছন্ন। দেশের উন্নয়ন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত এনজিও ব্যক্তিত্ব ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (SHED)-এর নির্বাহী পরিচালক মোঃ উমরা আর নেই।
শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
মোঃ উমরা মানবকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকার রক্ষায় বিশেষ ভূমিকা রেখে গেছেন। SHED-এর নেতৃত্বে কক্সবাজার জেলার স্থানীয় জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণে তিনি অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করেছেন। তাঁর কাজের পরিধি ছিল কক্সবাজারের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে।
তাঁর মৃত্যুতে উখিয়াকক্স নিউজ পরিবারসহ SHED-এর সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার আসরের নামাজের পর মরহুমের নিজ গ্রামে জানাজা ও দাফন সম্পন্ন হবে।
মোঃ উমরার মৃত্যুতে উন্নয়ন অঙ্গন এক নিবেদিতপ্রাণ, সৎ ও কর্মঠ নেতাকে হারালো।

