রোহিঙ্গা সংকট সমাধানে নতুন বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
২৪ থেকে ২৬ আগস্ট চলবে সম্মেলনের কার্যক্রম। ২৪ ও ২৫ আগস্ট পাঁচটি কর্ম অধিবেশনে মানবিক সহায়তা ও রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে। শেষ দিনে বিদেশি অতিথিরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরব, কাতার, চীন, তুরস্ক, ফিনল্যান্ড, মালয়েশিয়া, থাইল্যান্ড ও গাম্বিয়াসহ অন্তত ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি ও শিবিরে বসবাসরত ব্যক্তিরাও অংশ নেবেন আলোচনায়।
কক্সবাজার সম্মেলনের আলোচনার ভিত্তিতে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের বৈঠকে অবস্থানপত্র প্রণয়ন করা হবে। এরপর ডিসেম্বরের ৬ তারিখে কাতারের দোহায় অনুষ্ঠিত হবে রোহিঙ্গাবিষয়ক আরেকটি আন্তর্জাতিক সম্মেলন।
সরকারের আশা, এ উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে মনোযোগ ও সহায়তা পাওয়া সম্ভব হবে।

.jpeg)