নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় র্যাব কর্মকর্তাদের নাম ব্যবহার করে মাদক পাচার, অস্ত্র ব্যবসা, ডাকাতি ও অপহরণের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে মোস্তাক আহম্মেদ (৪০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৫।
বুধবার (৬ আগস্ট) রাতে রামু উপজেলার চেইন্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোস্তাক আহম্মেদ টেকনাফ উপজেলার পানখালী এলাকার বাসিন্দা। তিনি কালা মিয়ার ছেলে।
র্যাব-১৫ এর একটি সুত্র জানায়, আটক মোস্তাক দীর্ঘদিন ধরে নিজেকে র্যাবের সোর্স ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে টেকনাফ-উখিয়া অঞ্চলে প্রভাব বিস্তার করে আসছিলেন। বিভিন্ন সময় তিনি এলাকাবাসীকে মাদক ও অস্ত্র সংক্রান্ত মিথ্যা মামলার ভয় দেখিয়ে বিপুল অঙ্কের চাঁদা আদায় করতেন। এমনকি "ক্রসফায়ারে দেব" বলেও হুমকি দিতেন তিনি।
র্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডার জানান, “মোস্তাক আহম্মেদ বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে জড়িত থেকে নিজেকে র্যাব সদস্য বা সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা জানান, মোস্তাক আহম্মেদ দীর্ঘদিন ধরেই এলাকায় নানা ধরনের অপরাধে যুক্ত ছিলেন। তবে র্যাব কর্মকর্তাদের নাম ব্যবহার করায় অনেকেই তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি।
র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ও চাঁদাবাজির একাধিক অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন।

