কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়ায় একটি গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় র্যাব-১৫ এক নারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে রুমা আক্তার (৩৫) নামে ওই নারীকে আটক করা হয়।
র্যাব জানায়, ৬ আগস্ট এনামুল হকের মোটরসাইকেল চুরি হওয়ার পর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুজন পুরুষ ও এক নারী চুরিতে জড়িত। তথ্য-প্রযুক্তি ব্যবহার ও ২৪ ঘণ্টা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে র্যাব।
অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল এবং কাগজপত্রবিহীন আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রুমা আক্তারকে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, চোরচক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

